বিদেশে পাঠানোর আগে সন্তানকে 'কাজ' ও 'ভাষা' শিখিয়েছেন তো?

আপনার নাড়ী ছেঁড়া ধনকে উন্নত জীবনের আশায় প্রবাসে পাঠাচ্ছেন, কিন্তু সে কি সেখানে গিয়ে নিজের প্রয়োজনের কথাটুকু বলতে পারবে? সে কি জানে তার কাজের যন্ত্রপাতিগুলোর আন্তর্জাতিক নাম কী? কাজ না জেনে আর ভাষা না বুঝে বিদেশে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। পাশের বাড়ির কেউ গেছে বলেই নিজের সন্তানকে হুজুগে বিদেশে না পাঠিয়ে আগে তাকে দক্ষ করে গড়ে তুলুন।

আমাদের দেশের হাজারো তরুণ বুকভরা স্বপ্ন নিয়ে প্রতিবছর পাড়ি জমায় বিশ্বের বিভিন্ন দেশে। তাদের উদ্দেশ্য একটাই—পরিবারকে একটু সচ্ছলতা দেওয়া। কিন্তু দুঃখজনক সত্য হলো, এদের বড় একটা অংশ বিদেশ গিয়ে চরম বিপাকে পড়ে। কেন? কারণ তাদের সাথে থাকে না কোনো 'প্র্যাকটিক্যাল হাতের কাজ' আর থাকে না 'যোগাযোগের ভাষা'।

 

একটি বাস্তব অভিজ্ঞতা ও উপলব্ধি

আমার এক বন্ধু তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য আমাকে অনেকদিন ধরে অনুরোধ করছিল। একদিন তার স্ত্রীও আমাকে একই অনুরোধ করলেন। আমি তাকে সরাসরি মানা না করে একটি উদাহরণ দিলাম। আমি বললাম, "ভাবি, আমার মা বাড়ি থেকে একজন গৃহকর্মী পাঠিয়েছেন যে কথা বলতে পারে না। আপনি কি তাকে আপনার বাসায় রাখবেন? কোনো বেতন দেওয়া লাগবে না, শুধু খাওয়ালেই হবে।"

ভাবি তাৎক্ষণিক উত্তর দিলেন, "না ভাই, বোবা মানুষ দিয়ে আমি কী করব? তাকে দিয়ে তো কাজ করানোই এক ঝামেলার ব্যাপার।"

আমি তখন তাকে পাল্টা প্রশ্ন করলাম, "আপনার ছেলে যখন কোনো কাজ না জেনে এবং প্রবাসের ভাষা না শিখে বিদেশে যাবে, তখন সে কি সেখানে একজন 'বাক-প্রতিবন্ধী'র মতোই হবে না? তাকে কেন কোনো মালিক বেতন দিয়ে কাজে রাখবে?" এই একটি প্রশ্ন ভাবির চোখ খুলে দিয়েছিল। আমাদের দেশের অভিভাবকদের এই ধ্রুব সত্যটি বুঝতে হবে।

আন্তর্জাতিক কর্মক্ষেত্রে যন্ত্রপাতির নাম জানা কেন জরুরি?

আমরা বাংলাদেশে একটি যন্ত্রকে যে নামে চিনি, আন্তর্জাতিকভাবে বা ইংরেজি ভাষায় তার নাম সম্পূর্ণ আলাদা হতে পারে। আপনি অনেক ভালো কাজ জানলেও প্রবাসে গিয়ে যদি আপনার সুপারভাইজারের কাছে ভুল যন্ত্র চেয়ে বসেন, তবে আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।

উদাহরণস্বরূপ:

  • আমরা যাকে 'সাঁড়াশী' বলি, ইন্টারন্যাশনালি তাকে বলা হয় Pliers.
  • যাকে আমরা 'সেলাই রেঞ্জ' বলি, তার নাম Adjustable Wrench.
  • আমাদের 'হাতুড়ি' হলো Hammer.
  • 'বাটাল' হলো Chisel.

এই যে সামান্য পার্থক্যগুলো, এগুলো না জানা থাকলে আপনি কর্মক্ষেত্রে পদে পদে হোঁচট খাবেন। শুধু কাজ জানাই শেষ কথা নয়, কাজের হাতিয়ারগুলোকে বৈশ্বিক ভাষায় চেনা আপনার 'স্পেশাল যোগ্যতা'

অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ

১. পাশের বাড়ির কেউ বিদেশে গিয়ে বড় দালান তুলেছে বলেই নিজের সন্তানকে অপরিকল্পিতভাবে পাঠাবেন না। ২. আপনার সন্তান সেখানে কী কাজ করবে, সে বিষয়ে তাকে কোনো একটি নির্দিষ্ট ট্রেডে (যেমন: ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ড্রাইভার বা কনস্ট্রাকশন) দক্ষ করে তুলুন। ৩. ইংরেজি বা সেই দেশের ভাষা অন্তত সাধারণ লেভেলে কথা বলার মতো করে শিখিয়ে পাঠান। ৪. প্র্যাকটিক্যাল কাজ করার অভ্যাস গড়ে তুলুন, যাতে সে সেখানে গিয়ে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।

উপসংহার

আপনার সন্তান আপনার নাড়ী ছেঁড়া ধন। তাকে বিদেশে পাঠিয়ে বিপদে ফেলার চেয়ে, দেশে কিছুদিন হাতে-কলমে কাজ শিখিয়ে তারপর পাঠান। মনে রাখবেন, দক্ষ জনশক্তিই হলো দেশের সম্পদ, আর অদক্ষ মানুষ বিদেশের মাটিতে বোঝা।